মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

জাবিতে ছিনতাইকালে হাতেনাতে আটক ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনে-দুপুরে ছিনতাইকালে তিনজনকে হাতেনাতে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তারা। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মীর মশাররফ হোসেন হলগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হচ্ছে- ক্যাম্পাসের রিকশাচালক আরিফুল ইসলাম হৃদয় (১৭), বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ক্লিনারের ছেলে আদনান (১৪) ও ডেইরি ফার্ম হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর (১৩)।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে স্কুলপড়ুয়া দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন। তারা বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের পথরোধ করে পরিচয় জানতে চান রিকশাচালক হৃদয়। ওই দুই শিক্ষার্থী বহিরাগত নিশ্চিত হলে আদনানকে ফোন করে ঘটনাস্থলে ডাকে হৃদয়। এ সময় উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আদনান এসে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই পরিচয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। তারা ভুক্তভোগী দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানা সংলগ্ন সুন্দরবন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এ সময় ঘটনাস্থলে নিরাপত্তা শাখার কর্মকর্তারা উপস্থিত হয়ে অভিযুক্তদের হাতেনাতে আটক করেন।

ভুক্তভোগী সাদিক বলে, আমরা দুজন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলাম। মুক্তমঞ্চের পাশে যাওয়ার পর আমাকে একজন ডেকে নিয়ে যায়। আমার কাছে পরিচয় জানতে চায়। কথা বলার একপর্যায়ে আমার কাছ থেকে মোবাইল ও ৩০০ টাকা কেড়ে নেয় তারা। নিরাপত্তা শাখার কর্মকর্তারা সেখানে উপস্থিত হলে তারা মোবাইল ফেলে দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আমাদের অফিসাররা সেখানে উপস্থিত হয় এবং তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। আপাতত তাদের পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD