মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

তাস খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪ ৬:৫৬ পূর্বাহ্ণ

রাজধানীর তেজগাঁও শাহীনবাগের একটি বাসায় ছুরিকাঘাতে মো. রনি মিয়া (২৯) নামে যুবককে খুনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রনির বড় ভাই মো. রফিক মিয়া (৩১) গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৫ মে) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেলে (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক ভোর ৪টার দিকে রনিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

রনিকে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা জুয়েল জানান, আমার মামা ভাড়ায় (পাঠাও) মোটরসাইকেল চালাতেন। মোরশেদ (৩৮) নামে এক ব্যক্তি রাতে তাকে (রনি) বাসায় এলোপাতারি ছুরিকাঘাত করে। দেখতে পেয়ে ছোট ভাইকে বাঁচাতে যান বড় ভাই রফিক। তখন তাকেও জখম করে হামলাকারী পালিয়ে যায়।

তিনি আরও জানান, হামলাকারী মোরশেদ তাদের পূর্বপরিচিত। রাতে মামাসহ আরও কয়েকজন রুমে আড্ডা দিচ্ছিলেন। পরে তাস খেলা নিয়ে মোরশেদের সঙ্গে মামার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোরশেদ আমার মামাকে (রনি) ছুরিকাঘাত করেন। বড় মামা রফিক তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান মোরশেদ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, রাতে মোরশেদ রনিসহ বেশ কয়েকজন বসে তাস খেলছিলেন। তাস খেলার এক পর্যায়ে রনির সঙ্গে মোরশেদের কথা কাটাকাটি হয়। পরে মোরশেদ রনিকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে তার বড় ভাই রফিক বাধা দিতে আসলে তাকেও ছুরিকাঘাত করে আহত করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাস খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর মোরশেদ পালিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD