রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সিঙ্গাইরে ১০৪ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ

জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর (মানিকগঞ্জ): মনিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০৪ পাউন্ড কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) ইফতারের পর সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কেক কাটা হয়। এর আগে ওই দিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, ক্রীড়া সংস্থা, পৌরসভা ও ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান শারমিন আক্তার ও ইউএনও পলাশ কুমার বসুসহ উপস্থিত অতিথিদের নিয়ে ১০৪ পাউন্ডের কেক কাটেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। কেক কাটা অনুষ্ঠানে সিঙ্গাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মুজিব কোর্ট পরিহিত ১০৪ জন শিশু শিক্ষার্থী অংশ গ্রহন করে।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান, সিঙ্গাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুদ্দীন, সহকারি পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়ারুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম সফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইলিয়াছ হোসেন লিটন, উপজেলা যুবলীগ সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD