মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

হাজারীবাগে বন্ধুর বাসায় প্রেমিকার রহস্যজনক মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:৪১ পূর্বাহ্ণ

রাজধানীর হাজারীবাগ এলাকায় বন্ধুর বাসায় প্রেমিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই তরুণীর নাম রোকসানা আক্তার রুহি (১৯)। তিনি পার্লার ও বিভিন্ন ক্লাবে কাজ করতেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মো. রিফাত নামে বর্তমান ও সাবেক প্রেমিক শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রুহিকে হাসপাতালে নিয়ে যায় রিফাত। তিনি বলেন, আমার সঙ্গে চার মাস ধরে প্রেমের সম্পর্ক চলছে। এর আগে শাওন নামে একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। রাতে ঘোরাঘুরি শেষে আমার বন্ধু আরমানের বাসায় (হাজারীবাগ কালিনগর ৩৩ নম্বর) রাত ১১টার দিকে নিয়ে যাই। সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিফাত বলেন, রুহি বিউটি পার্লার ও বিভিন্ন ক্লাবে কাজ করতো।

বাসার মালিক আরমান বলেন, রাত এগারোটার দিকে আমার বাসায় মাতাল অবস্থায় রুহিকে নিয়ে আসে রিফাত। পরে সকালে অচেতন অবস্থায় আমিসহ রিফাত ও রুহির সাবেক প্রেমিক শাওন মিলে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায়। বর্তমানে তিনি ধানমন্ডি ১৫ নম্বর রোডের ৩০৭/এ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি বলেন, আমাদের ধারণা অতিরিক্ত মধ্যপান ও উত্তেজনাক‌র কিছু খেয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রিফাত আরমান ও শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হাজারীবাগ থানা হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD