শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ওয়ারিশ সম্পদ নামজারি করলে মামলা অনেক কমে আসবে: ভূমিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ১:৪২ pm

ওয়ারিশ সম্পদ বা উত্তরাধিকারসূত্রে পাওয়া পারিবারিক সম্পদ সবাই বণ্টননামা দলিলের মাধ্যমে নিবন্ধন করে নামজারি করে নিলে দেশে ভূমি বিষয়ক মামলা মোকদ্দমা অনেক কমে আসবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (২২ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ অর্থ বছরের এডিপির মাসিক (অক্টোবর) পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডলসহ ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমাদের দেশে ভাই-ভাই কিংবা ভাই-বোনসহ বেশিরভাগ পারিবারিক বিরোধের অন্যতম কারণ রেজিস্ট্রিকৃত বণ্টননামা দলিল ছাড়া মৌখিকভাবে কিংবা সাধারণ কাগজে লিখে আপোষে সম্পত্তি বণ্টন বা ভাগ করা। পরবর্তীতে সম্পদের মূল্যবৃদ্ধি কিংবা নানা স্বার্থসংশ্লিষ্ট কারণে পারিবারিক আপোষ ভেঙে যায়। জন্ম নেয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিরোধ।

এসময় রেজিস্ট্রি করা বণ্টননামার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী। এছাড়া পারিবারিক সম্পদ বণ্টনে বোনের অধিকার রক্ষার বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখার ব্যাপারেও ভূমিমন্ত্রী গুরত্বারোপ করেন।

সভায় জানানো হয়, ২০২৫ সালের পর ভূমি সেবা ডিজিটাইজেশন সংক্রান্ত সকল সেবাকার্যক্রমকে প্রকল্প মেয়াদান্তে বুঝে নেওয়া ও ভূমি মন্ত্রণালয়ের পক্ষে মনিটরিং এবং রক্ষণাবেক্ষণ করার উদ্দেশ্যে কার্যক্রম গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD