শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

আয়া সোফিয়ার নিচে মিলল ১৫০০ বছরের পুরনো সুড়ঙ্গ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ার নিচে আবিষ্কৃত হয়েছে কয়েকশ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষের এক বিস্তৃত নেটওয়ার্ক। খননকাজের মাধ্যমে এত দিন লোকচক্ষুর আড়ালে থাকা এসব রহস্যময় সুড়ঙ্গ ও প্রাচীন কাঠামোর সন্ধান মিলেছে, যা গবেষক ও ইতিহাসবিদদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, প্রায় দেড় হাজার বছরের পুরনো এই ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রকৌশলবিদ্যা এবং স্থাপত্য দক্ষতার এক অনন্য নিদর্শন। আয়া সোফিয়ার দীর্ঘ ইতিহাস এবং এর নিচে লুকিয়ে থাকা বিভিন্ন গোপন কক্ষ ও পানি নিষ্কাশন ব্যবস্থার সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটনে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতীয়মান হচ্ছে। প্রত্নতাত্ত্বিক গবেষক দল দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই অঞ্চলে গবেষণা পরিচালনা করে আসছিল।

ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমান। নতুন এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক আবিষ্কারের ফলে আয়া সোফিয়ার প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, সুড়ঙ্গগুলোর সুরক্ষা নিশ্চিত করে এবং প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার পর খুব শীঘ্রই গবেষক ও সাধারণ দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট কিছু অংশ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD