দৈনিক আমার দেশ সম্পাদক ও মজলুম জননেতা মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নামে পুলিশ পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি পুরোনো অপসংস্কৃতিরই সরাসরি বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন।
গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরেও যদি একজন বরেণ্য সম্পাদক ও চিন্তাবিদের বাসায় এভাবে পুলিশ পাঠানোর ঘটনা ঘটে, তবে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এটি মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে এই ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারের আমলেও মাহমুদুর রহমান বহু নির্যাতনের শিকার হয়েছেন। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সেই দমনপীড়নের নীতি এখনো কোনো কোনো মহলে সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন বিশিষ্টজনেরা। এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হচ্ছে এবং স্বাধীন গণমাধ্যম সুরক্ষার দাবি জোরালো হচ্ছে।
আরববাংলা টিভি