বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

উখিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালিটি উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের প্রাণিসম্পদ খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে এই খাতকে আরও লাভজনক করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সফল খামারিদের তাদের অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া গবাদিপশুর রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি ভেটেরিনারি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD