সুনামগঞ্জসহ সিলেট সীমান্তে চলতি বছরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বিশেষ টহল ও কঠোর অভিযানে ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে এনেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহলের ফলে এই বড় সাফল্য অর্জিত হয়েছে। অভিযানে শুধু চোরাচালান পণ্যই নয়, এর পাশাপাশি ৮১ জন আসামিকে আটক করা হয়েছে। এ ছাড়া তল্লাশি চালিয়ে ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড তাজা গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে যা দেশের যুবসমাজকে সুরক্ষায় একটি বড় ভূমিকা রাখছে।
স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি কতৃপক্ষ গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি