রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা এবং কিছু মহলের বিশৃঙ্খল পরিস্থিতির প্রেক্ষাপটে এই কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওজোপাডিকো কর্তৃপক্ষ জানিয়েছে, গোপালগঞ্জ জেলাজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রাখতে মাঠপর্যায়ে নিয়োজিত প্রকৌশলী, কারিগরি কর্মী এবং যানবাহনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু রাজনৈতিক কোন্দল বা সহিংসতার জেরে যদি এসব জনবল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে জীবন ও সম্পদ রক্ষার্থে বাধ্য হয়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বা আংশিক বন্ধ রাখতে হবে। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে এবং বর্তমানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন তাণ্ডব ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানায়, অতীতেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির নামে বিদ্যুৎ সাব-স্টেশন ও সরকারি সম্পত্তিতে হামলার নজির রয়েছে। তাই গোপালগঞ্জের সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থে এবং বিদ্যুৎ খাতের স্থাপনা সুরক্ষায় সব রাজনৈতিক দল ও মহলের দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়েছে। অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সমস্ত দায়ভার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলকে নিতে হবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি