প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতায় অসংগতি ও বৈষম্য দূর করতে ৯ দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। প্রস্তাবগুলোতে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান এবং বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাসের জোরালো দাবি জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে যে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কর্মচারীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ পে স্কেল অত্যন্ত জরুরি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ করেন তারা। সেই বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি জনবান্ধব ও বাস্তবসম্মত বেতন কাঠামো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রস্তাবিত ৯ দফায় মূল বেতনের ব্যবধান কমানো, বাড়িভাড়া ভাতা শতভাগ করা, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো অন্তর্ভুক্ত রয়েছে। সমিতির নেতারা আশা প্রকাশ করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি সংশোধিত ও যুগোপযোগী নবম পে স্কেল ঘোষণা করবে, যা দেশের সার্বিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
আরববাংলা টিভি