প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিশুদের বেড়ে ওঠার ধরনেও আসছে পরিবর্তন। একসময় শিশুর বিনোদনের প্রধান উপকরণ ছিল খেলনা, বই, ছবি আঁকা কিংবা মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা। এখন সেই জগতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। স্মার্টফোন, ট্যাবলেট, শিক্ষামূলক অ্যাপ, এআই চ্যাটবট এবং কথা বলতে সক্ষম বিভিন্ন আধুনিক ডিভাইস এখন শিশুদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। গবেষকদের মতে, প্রযুক্তির এই ছোঁয়া শিশুদের শেখার প্রক্রিয়াকে যেমন ত্বরান্বিত করছে, তেমনি এর কিছু নেতিবাচক দিকও রয়েছে যা অভিভাবক ও শিক্ষকদের ভাবিয়ে তুলছে।
আধুনিক যুগে শিশুরা জন্ম থেকেই ডিজিটাল ডিভাইসের সঙ্গে পরিচিত হচ্ছে। শিক্ষামূলক বিভিন্ন অ্যাপ ও এআই চালিত সফটওয়্যার শিশুদের ভাষা শেখানো, গণিত চর্চা এবং সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করছে। অনেক সময় শিশুরা তাদের ব্যক্তিগত গৃহশিক্ষকের মতো এআই চ্যাটবটের ব্যবহার করছে, যা তাদের কৌতূহল মেটাতে তাৎক্ষণিক উত্তর দিচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং এআইিনির্ভর বিনোদন শিশুদের শারীরিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত করতে পারে। মাঠে খেলাধুলা কমে যাওয়ার ফলে তাদের স্থূলতাসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
বর্তমান সময়ে এই প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে গিয়ে অভিভাবকরা নানা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। শিশুরা যাতে প্রযুক্তির অপব্যবহার না করে এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য ডিজিটাল সাক্ষরতা বাড়ানো জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানান, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে তা শিশুদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এর পাশাপাশি অভিভাবকদের নজরদারি এবং বাস্তব জীবনের সামাজিক মিথস্ক্রিয়া বজায় রাখাও সমানভাবে প্রয়োজন।
আরববাংলা টিভি