যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটিতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রাম এবং সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে এই বিশেষ দিনে।
দিবসটি উপলক্ষে সকালে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের পাশাপাশি বিভিন্ন সময়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সাংবাদিকদের জানান হয়েছে যে, দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র সম্প্রচার করা হচ্ছে। সশস্ত্র বাহিনীর এই গৌরবোজ্জ্বল ভূমিকা দেশের তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আরববাংলা টিভি