শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পানিহাতা মিশনের পূর্ব পাশে ফেল্লার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পারুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস (৩০), তার তিন শিশু সন্তান এবং একই এলাকার সুকুমার বিশ্বাসের ছেলে সনৎ বিশ্বাস (৩০) ও নিরাপদ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (২২)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভারতীয় নাগরিকরা দালালদের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায় এবং তাদের আটক করে। পরে তাদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি