চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও তাঁর পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত নম্বর থেকে পাঠানো এসব বার্তার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমন কার্যক্রমে জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ ভূমিকা পালন করে আসছে। ঠিক এমন একটি সময়ে ওসির ব্যক্তিগত নম্বরে এমন হুমকির বার্তা আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, হুমকিদাতাকে শনাক্ত করতে এবং এর পেছনে কোনো রাজনৈতিক বা অপরাধ চক্রের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার বিস্তারিত জানিয়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের হুমকিতে পুলিশ সদস্যরা পিছপা হবেন না। জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরববাংলা টিভি