কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতুতে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা দিয়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়মিত ও নির্বিঘ্ন পারাপার হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কার্যক্রম নিষিদ্ধ দলটির এই তথাকথিত লকডাউন বা অবরোধের ডাক সাধারণ মানুষের মাঝে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং অন্যান্য সাধারণ দিনের তুলনায় সেতুর দুই প্রান্তে যানবাহনের স্বাভাবিক চাপ লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও তৎপরতার কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে এবং যান চলাচল ছিল একদম সুশৃঙ্খল।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সারাদিনে পদ্মা সেতু দিয়ে পারাপার হওয়া বিভিন্ন যানবাহনের বিপরীতে প্রায় একাত্তর লাখ টাকার টোল আদায় হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ সেতুতে সবসময়ই সাধারণ মানুষের যাতায়াত সচল রয়েছে। সাধারণ জনগণ ও পরিবহন শ্রমিকরা বলছেন, এ ধরনের রাজনৈতিক কর্মসূচি জনগণের জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে না এবং দেশের অর্থনীতি সচল রাখতে তারা সবসময় সচেতন রয়েছেন।
আরববাংলা টিভি