বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বগুড়া সদর উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে গভীর রাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল ছুড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে শহরের মাটিডালী এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই আকস্মিক বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে মাটিডালী এলাকার উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকা। মুহূর্তের মধ্যে পুরো চত্বরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের পরপরই একটি বা দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত দ্রুত গতিতে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা নিষিদ্ধ ঘোষিত স্লোগান দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আলামত সংগ্রহ শুরু করে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছে মূলত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এড়াতে অতর্কিত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টি করার এই অপচেষ্টা তারই অংশ বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল। এই ঘটনার পর বগুড়া সদর উপজেলা পরিষদ ও এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। সাধারণ মানুষ এমন নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের আরও জোরালো ভূমিকা কামনা করেছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD