মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গভীর রাতে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজ্যের সেনাইয়ের তামান দেসা ইদামান এলাকার কয়েকটি আবাসিক ভবনে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ মোট ২০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় গভীর রাতে পরিচালিত এই আকস্মিক অভিযানে বিভিন্ন দেশের নাগরিকরা আটক হন। অভিবাসন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ কাগজপত্র না থাকায় এবং নির্ধারিত মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থান করার অপরাধে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
অভিযান চলাকালীন ওই এলাকার কয়েকটি আবাসিক ভবন ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কাউকে বাইরে যাওয়ার বা ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ফ্ল্যাট থেকে এসব অভিবাসীকে আটক করা হয়।
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে দেশটির সরকার। সম্প্রতি এই অভিযান আরও জোরদার করা হয়েছে। আটককৃতদের বর্তমানে স্থানীয় অভিবাসন দপ্তরের হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরববাংলা টিভি