প্রতিষ্ঠার দীর্ঘ ৩৬ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে চরম নাগরিক দুর্ভোগ ও নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এলাকার প্রধান সড়কগুলোর বেহাল দশা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পৌর এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও দৃশ্যমান কোনো পরিবর্তন না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
নাগরিক এই দুর্ভোগ লাঘব এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে অবশেষে উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পৌর এলাকার বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের জন্য মোট ৪৫টি অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পৌর কতৃপক্ষের প্রতিনিধিরা জানান, পর্যায়ক্রমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে অতি গুরুত্বপূর্ণ সাতটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রকল্পের পেছনে মোটা অঙ্কের বাজেট বরাদ্দ করা হয়েছে, যা দিয়ে দ্রুত প্রধান সড়কগুলোর সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই প্রথম পর্যায়ের কাজগুলো সফলভাবে সম্পন্ন হলে কালীগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের পুঞ্জীভূত নাগরিক সমস্যার অনেকাংশেই অবসান ঘটবে এবং পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে।
আরববাংলা টিভি