বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি বিভিন্ন কৌশলগত এলাকা থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পশ্চিমা ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। মধ্যপ্রাচ্যের লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটে নিরাপত্তা বজায় রাখতে গিয়ে এই পিছু হটাকে সৌদি সমর্থিত হুথিবিরোধী সামরিক জোটের জন্য একটি বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সামরিক সূত্রগুলো।
গত কয়েক মাস ধরে এই অঞ্চলে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের তীব্র সংঘর্ষ চলে আসছিল। তবে ক্রমবর্ধমান সংঘাত ও সামরিক চাপের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চল থেকে বাহিনী গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইয়েমেনি কর্তৃপক্ষ। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পশ্চাদপসরণ লোহিত সাগর অঞ্চলে হুথি বিদ্রোহীদের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার তাগিদ অনুভব করছেন আঞ্চলিক বিশ্লেষকরা।
আরববাংলা টিভি