গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালিয়ে আসছে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে এই আকস্মিক হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কতিপয় উচ্ছৃঙ্খল নেতাকর্মী অতর্কিতভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়ার ওই দুটি রাজনৈতিক কার্যালয়ে চড়াও হয়। হামলাকারীরা প্রথমে কার্যালয়গুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরে নথিপত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ ঘটনাস্থলে ছুটে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। জাতীয়তাবাদী শক্তি এ ধরনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি করেছে।
আরববাংলা টিভি