গাজায় শীত ও বৃষ্টির কারণে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র ঠান্ডা, জলাবদ্ধতা ও বন্যায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ডুবে যাচ্ছে, ভেঙে পড়ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন ত্রাণ সংস্থাগুলো গণমাধ্যমকে জানিয়েছে, গাজার বাইরে বিভিন্ন গুদামে হাজার হাজার তাঁবু, কম্বল, শীতের পোশাক ও আশ্রয় নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম আটকে রাখা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞার কারণে এই জরুরি ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র গাজার ভেতরে প্রবেশ করতে পারছে না, যা সেখানকার অবরুদ্ধ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ফিলিস্তিনিদের ওপর এই শীত এবং কৃত্রিম দুর্যোগ চাপিয়ে দেওয়ার বিষয়টি একটি পরিকল্পিত কৌশল। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ত্রাণ প্রবেশে পরিকল্পিত এই বাধা প্রদানের ফলে হাজার হাজার শিশু, নারী ও বয়স্ক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের বারবার আহ্বান সত্ত্বেও দখলদার বাহিনী গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করছে না। ফলে শৈত্যপ্রবাহ ও বৃষ্টির মধ্যে পানিবন্দী হয়ে পড়া লাখ লাখ মানুষের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করেছে এবং দেখা দিয়েছে তীব্র খাদ্য ও ওষুধের সংকট।
আরববাংলা টিভি