সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রঘুরামপুর পর্যন্ত মাত্র ৪-৫ কিলোমিটার সড়ক নির্মিত না হওয়ায় দুই উপজেলার প্রায় তিন লাখ মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুকনো মৌসুমে কোনোমতে অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচল করা গেলেও বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। প্রতিকূল আবহাওয়ায় এ পথে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যা স্থানীয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবের দাবিতে সম্প্রতি স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এই গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের অবহেলা ও দুর্নীতির কারণে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল এই জনপদ।
বক্তারা আরও উল্লেখ করেন, যাতায়াত ব্যবস্থার এই বেহাল দশার কারণে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে পৌঁছানো যায় না, যার ফলে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। এছাড়া মুমূর্ষু রোগী ও শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হয় সীমাহীন কষ্ট। অবিলম্বে এই ৪-৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান এলাকাবাসী। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
আরববাংলা টিভি