ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায় একটি মসজিদ ভাঙার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পুলিশের দাবি, মসজিদটি অনুমোদনহীনভাবে নির্মাণ করা হয়েছিল।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অবৈধ নির্মাণ নিয়ে আইনি প্রক্রিয়া চলছিল। নির্ধারিত নোটিশ দেওয়ার পরও তা অপসারণ না করায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারতে ধর্মীয় স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে নানা ধরনের বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে এসব অভিযানের তীব্র প্রতিবাদ জানানো হলেও স্থানীয় প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। উচ্ছেদ হওয়া মসজিদটির আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি বজায় রাখছে।
আরববাংলা টিভি