ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে সাত বছর আগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বিজয় বাজিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে কৈলাশকে হত্যার অভিযোগ ছিল। বাবার হত্যার বদলা নিতে দীর্ঘ সাত বছর ধরে অপেক্ষা করছিলেন ছেলেরাসহ পরিবারের সদস্যরা। অত্যন্ত দুর্ধর্ষ ও সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সংঘটিত কৈলাশ হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত বিজয় বাজিয়ার সঙ্গে নিহতের পরিবারের বিরোধ চলে আসছিল। আইনি লড়াইয়ের পাশাপাশি নিজস্ব উপায়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকেন কৈলাশের ছেলে ও স্বজনরা। দীর্ঘ সাত বছর ধরে বিজয়ের গতিবিধির ওপর নজর রাখা হয় এবং উপযুক্ত সময়ের অপেক্ষা করা হয়। সম্প্রতি সেই সুযোগ বুঝে অতর্কিত হামলা চালিয়ে বিজয় বাজিয়াকে কুঠার দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই চাঞ্চল্যকর ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত তদন্ত শুরু করে এবং জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
আরববাংলা টিভি