মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার ঐতিহাসিক নীলকুঠির স্তম্ভ সংরক্ষণের দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভৈরব নদের তীরবর্তী কার্পাসডাঙ্গায় ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নীল চাষ ও নীলকরদের শোষণের স্মৃতিচিহ্ন হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে একটি প্রবেশদ্বারের দুটি স্তম্ভ। একসময় বিশাল এলাকাজুড়ে বিস্তৃত এই ঐতিহাসিক নীলকুঠি কালের গর্ভে হারিয়ে গেলেও এর প্রবেশদ্বারের দুটি স্তম্ভ এখনো সেই করুণ ইতিহাসের নীরব সাক্ষী হিসেবে টিকে রয়েছে। স্থানীয় সচেতন মহল ও ইতিহাসপ্রেমীরা এই ঐতিহাসিক নিদর্শনটি অবিলম্বে সংরক্ষণের জোরালো দাবি জানিয়েছেন। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, তৎকালীন ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে স্থানীয় কৃষকদের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে জোরপূর্বক নীল চাষ করানো হতো। সেই শোষণের ইতিকথা ও ঔপনিবেশিক শাসনের নির্মম ইতিহাস বহন করছে এই অবহেলিত স্তম্ভ দুটি।

দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ঐতিহাসিক নিদর্শনটি এখন ধ্বংসের মুখে পতিত হয়েছে। চারপাশের ঝোপঝাড় পরিষ্কার না করা এবং সংরক্ষণমূলক কোনো উদ্যোগ না নেওয়ায় স্তম্ভ দুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। কার্পাসডাঙ্গা অঞ্চলের প্রবীণ বাসিন্দারা জানান, শুধু স্তম্ভ রক্ষা নয়, বরং এই স্থানটিকে একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ব্রিটিশ আমলের শোষণের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করেন, যথাযথ সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে এই ঐতিহাসিক স্থানটি দেশের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করতে পারে। একই সঙ্গে এটি স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীদের মাঝে ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহ তৈরি করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই প্রাচীন নিদর্শনটি রক্ষা করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD