ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় আটককৃতদের মধ্য থেকে দুই সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে একজনের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) এবং অপর জনের নাম জাবির সালেহীন দিপু (২৭)।
গত সোমবার সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে এবং সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ ধরনের ঘটনা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চলে আসছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্যাম্পাসের শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আরও কঠোর ভূমিকা পালন করতে হবে বলে মত প্রকাশ করেছেন সচেতন মহল।
এদিকে, এই ঘটনার সাথে নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দুষ্কৃতকারী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে এই বিস্ফোরণের প্রকৃত রহস্য এবং এর পেছনে থাকা মূল হোতাদের মুখোশ উন্মোচন করা হবে। ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশ ও প্রক্টরিয়াল টিম যৌথভাবে টহল জোরদার করেছে।
আরববাংলা টিভি