মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় রহস্যজনক ককটেল বিস্ফোরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রদল নেতারা।

সোমবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা কলেজ ক্যাম্পাসের সামনে থেকে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি সায়েন্সল্যাব মোড় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টা ৪৮ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করেই একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই আকস্মিক বিস্ফোরণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই নাশকতার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পালিয়ে থাকা ক্যাডার বাহিনী ও তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে বলে তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চক্রান্ত চলছে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা অতীতেও যেমন জনগণের অধিকার রক্ষায় রাজপথে ছিল, ভবিষ্যতেও যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে সর্বদা সজাগ থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন স্থানীয় ছাত্রদল নেতারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD