ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করার পর কেউ যদি আবারও তাদের পুনর্বাসন বা ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে তা শক্ত হাতে প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এই মোনাজাত পরিচালনা করেন। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন দেশের মাটিতে স্বৈরাচারী শেখ হাসিনা কিংবা তার দোসরদের কোনো স্থান না হয় এবং দেশের জনগণ যেন গণতান্ত্রিক অধিকার পূর্ণাঙ্গভাবে ভোগ করতে পারে।
একই সঙ্গে দেশের সাধারণ মানুষ বর্তমান সংসদের প্রতি যে বিপুল আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নে সরকারের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুথানের পর দেশের মানুষের মনে নতুন করে যে আশার সঞ্চার হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য দোসরদের অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেওয়া হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। বিগত দিনে স্বৈরাচারী শাসনের জাঁতাকলে পিষ্ট হওয়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো শক্তি ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে বিষয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়।
আরববাংলা টিভি