কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় তিনজনের লাশ পড়ে থাকার গুজব ছড়িয়ে পড়লেও বাস্তবে তার কোনো সত্যতা মেলেনি। গুজবের ওই লাশ ও মানবপাচারকারীদের নতুন আস্তানার সন্ধানে পাহাড়ে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পাহাড়ে মানবপাচার চক্রের তৎপরতা এবং আস্তানায় লাশ পড়ে থাকার একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় জনগণের মাঝে ছড়িয়ে পড়ে। এই চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত নড়েচড়ে বসে এবং গহীন পাহাড়ে চিরুনি অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, পাহাড়ি এলাকায় এমন কোনো ঘটনার অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত একটি স্বার্থান্বেষী মহলের ছড়ানো গুজবের কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এলাকাবাসীকে এ ধরনের কানকথায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরববাংলা টিভি/ডেস্ক