রাজধানীর জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট তথা নিকডু এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ও বেসরকারি অংশীদারত্ব অর্থাৎ পিপিপির আওতায় পরিচালিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৯ নভেম্বর এই সেবা পরিচালনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের ডায়ালাইসিস সেবাগ্রহণকারী প্রায় পাঁচ শতাধিক গরিব ও সাধারণ কিডনি রোগী চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছেন। সময়মতো চুক্তি নবায়ন বা বিকল্প ব্যবস্থা গ্রহণ না করা হলে এই রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দুই বিশেষায়িত সরকারি হাসপাতালে পিপিপি মডেলের মাধ্যমে স্বল্প খরচে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা প্রদান করা হচ্ছিল। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে থাকলেও কর্তৃপক্ষ এখনো পর্যন্ত চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো টেণ্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। এর ফলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির সাথে সম্পর্কের টানাপোড়েন ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে সেবা বন্ধের এই শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকরা জানান, বিকল্প কোনো স্থায়ী ব্যবস্থা না করে হঠাৎ সেবা বন্ধ হলে রোগীদের বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে।
এদিকে আকস্মিক ডায়ালাইসিস সেবা বন্ধের আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনেরা। বিশেষ করে নিম্নবিত্ত ও দরিদ্র রোগীরা যারা বাইরে চড়া মূল্যে ডায়ালাইসিস করানোর সামর্থ্য রাখেন না, তাদের কপালে এখন চরম চিন্তার ভাজ। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট মহল অবিলম্বে এই সংকট নিরসনে সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের এই অত্যাবশ্যকীয় চিকিৎসাসেবা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
আরববাংলা টিভি/ডেস্ক