চট্টগ্রামের সীতাকুণ্ডের বহুল আলোচিত পাহাড়ি জনপদ জঙ্গল সলিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭১ সদস্যবিশিষ্ট সাংগঠনিক ওয়ার্ড কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। স্থানীয় রাজনীতিতে গতিশীলতা আনতে এবং সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই মূলত এই কমিটি গঠন করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘ দিন ধরে নানা কারণে আলোচনায় থাকা এই পাহাড়ি এলাকায় বিএনপির এমন শক্তিশালী উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত এই কমিটিতে বোরহান উদ্দিন জিয়াকে সভাপতি এবং মিজানুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। উপজেলার সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এই কমিটি অনুমোদন করেন। স্থানীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষিত এবং নিবেদিতপ্রাণ মুখগুলোকে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, জঙ্গল সলিমপুরের মতো একটি গুরুত্বপূর্ণ ও জটিল জনপদে এই নতুন নেতৃত্ব সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং দলের রাজনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করতে অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত কমিটির নেতারা। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এই দৃঢ় প্রত্যয়ের কথা জানান।
আরববাংলা টিভি/ডেস্ক