রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আমার দেশ পত্রিকার নিজস্ব প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ এবং এই ন্যাক্কারজনক ঘটনায় দুইজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই একটি কুচক্রী মহল এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে যাচ্ছে। স্বাধীন সাংবাদিকতা ও মুক্তচিন্তার পথ রুদ্ধ করার এই অপচেষ্টা দেশের জনগণ কখনো সফল হতে দেবে না। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান জামায়াত নেতা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও এই সংবাদমাধ্যমটিকে নানাভাবে দমনপীড়নের শিকার হতে হয়েছিল। তৎকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের আক্রোশের শিকার হয়ে আমার দেশ দীর্ঘদিন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেও সংবাদমাধ্যমের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সচেতন মহল।
গণমাধ্যমকে আরও জানানো হয় যে, আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং দেশের সকল সংবাদমাধ্যমের কার্যালয় ও প্রেসের নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি কঠোর বার্তা দেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং বাকস্বাধীনতা সুনিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ।
আরববাংলা টিভি/ডেস্ক