বান্দরবানের আলীকদম উপজেলায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার মোট ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকা এবং শিক্ষকদের অবসরজনিত কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে, যা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শূন্য থাকা পদগুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কোনোমতে বিদ্যালয়গুলো পরিচালনা করা হচ্ছে। তবে ভারপ্রাপ্তরা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় পাঠদান কার্যক্রম অবহেলিত হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের দৈনন্দিন দাপ্তরিক কাজ এবং সরকারি বিভিন্ন প্রতিবেদন তৈরিতেও নানা জটিলতা দেখা দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই শূন্যপদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ বা পদোন্নতির মাধ্যমে শিক্ষক সংকট দূর করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আরববাংলা টিভি/ডেস্ক