সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে অব্যাহত হয়রানি, অনলাইনে কুরুচিপূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যমূলক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টা। তারা এক যৌথ বিবৃতিতে এই গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে এ ধরনের অনভিপ্রেত কার্যক্রম বন্ধের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, দেশের একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিশিষ্ট এই ব্যক্তিত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসররা বিদেশে বসে এবং দেশের অভ্যন্তরে নানা মাধ্যমে এই ঘৃণ্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। অথচ দেশের ক্রান্তিলকালে ড. ইউনূসের নেতৃত্ব ও অবদান জাতি সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও এই ধরনের হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও অধ্যাপক ইউনূসের সম্মানহানির প্রচেষ্টার নিন্দা জানানো হয়েছে। একই সাথে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর এই ধরনের অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সাবেক উপদেষ্টারা তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেন যে, মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কিংবা ভুয়া তথ্য ছড়িয়ে সমাজে বিভেদ তৈরি করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না। রাষ্ট্রীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
আরববাংলা টিভি/ডেস্ক