সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

চিপস কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে ফেলে গেলেন মা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে দেড় বছর বয়সী ও পাঁচ বছর বয়সী দুই মেয়ে শিশুকে সড়কের পাশে ফেলে রেখে গেছেন এক পাষাণ মা। রোববার উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফেলে রেখে যাওয়া শিশু দুটি হলো দেড় বছর বয়সী রোজা এবং তার বড় বোন পাঁচ বছর বয়সী ইসরাত।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, রোববার দুপুরের দিকে দুই শিশুকে নিয়ে এক নারী ব্রাহ্মণপাড়া সদর বাজারের দক্ষিণ বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে চিপস কিনে দেওয়ার কথা বলে ছোট ও বড় মেয়েকে সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে কৌশলে পালিয়ে যান ওই নারী। দীর্ঘক্ষণ ধরে মা ফিরে না আসায় শিশু দুটি কান্নাকাটি শুরু করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশু দুটিকে সান্ত্বনা দেন এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

এদিকে এই ঘটনার পর থেকেই শিশুদের বাবারও কোনো খোঁজ মিলছে না। স্থানীয়রা ধারণা করছেন, পারিবারিক কলহ বা চরম অর্থনৈতিক সংকটের কারণে নিষ্ঠুর এই দম্পতি তাদের সন্তানদের এভাবেই রাস্তার পাশে একা ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বর্তমানে শিশু দুটি স্থানীয় এক স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিদের তত্ত্বাবধানে রয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে এবং তাদের বাবা-মাকে খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD