রংপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের বিরুদ্ধে বিরোধীদলীয় সংসদ সদস্যদের মূল্যায়ন না করা, বিভিন্ন কমিটিতে তাদের প্রতিনিধি না রাখা এবং সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলাল।
এ সময় তিনি বর্তমান প্রশাসনিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং আগামী দিনে প্রশাসনের ভূমিকা কেমন হওয়া উচিত সে বিষয়ে কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, জনগনের অধিকার রক্ষায় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে।
বৈঠকে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন যে, অতীতে ফ্যাসিবাদের দোসররা যেভাবে প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, সেই দিন আর নেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান যে, দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদের উন্নয়নে বর্তমান জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে এখনও কিছু জায়গায় পক্ষপাতমূলক আচরণের প্রমাণ পাওয়া যাচ্ছে যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আরববাংলা টিভি/ডেস্ক