কুড়িগ্রামের রাজারহাটে প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ এখনো স্বাভাবিক চলাচলের উপযোগী হয়নি। দুই পাশে সংযোগ সড়কে মাটি না থাকায় ব্রিজে উঠতে স্থানীয়দের ব্যবহার করতে হচ্ছে বাঁশের তৈরি চাটাই। খাড়াই বাঁশের চাটাই বেয়ে প্রতিদিন হাজারো মানুষকে চরম ঝুঁকি নিয়ে এই পারাপার হতে হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের কথা জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নামে এই ধরনের অপরিকল্পিত ও জনদুর্ভোগ সৃষ্টিকারী প্রকল্প বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠেছে। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট ও জনস্বার্থহীন কাজের যে সংস্কৃতি চালু হয়েছিল, তারই যেন এক নজিরবিহীন প্রতিচ্ছবি এই ব্রিজটি। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে কাজের কাজ কিছু না হলেও হরিলুটের মহোৎসব চলেছে সর্বত্র, যার খেসারত আজ দিচ্ছে সাধারণ প্রান্তিক মানুষ।
স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ অবিলম্বে এই ব্রিজটির দুই পাশে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানিয়েছেন। সাংবাদিকদের মাধ্যমে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, দ্রুত মাটি ভরাট করে ব্রিজটি চলাচলের উপযোগী না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
আরববাংলা টিভি/ডেস্ক