নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সচিবালয়ে একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বিশাল অঙ্কের বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীভাঙন রোধ এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এলাকাবাসী ও স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল মুছাপুর রেগুলেটরটি পুনর্নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা। দীর্ঘদিন ধরে রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং নদীভাঙনের কবলে পড়ে আসছিল এই অঞ্চলের মানুষ। এই প্রকল্প বাস্তবায়িত হলে কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে উপকূলীয় অঞ্চলের অনেক উন্নয়ন প্রকল্প অবহেলিত থাকলেও বর্তমান প্রেক্ষাপটে জনস্বার্থের বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও এর আশপাশের অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
আরববাংলা টিভি/ডেস্ক