বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামে মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন অর্ধশতাধিক ব্যক্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় চট্টগ্রামে দায়ের হওয়া বিভিন্ন মামলা থেকে একে একে অব্যাহতি পেতে শুরু করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। এর মধ্যে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতাও রয়েছেন। ফৌজদারি কার্যবিধির ১৭৩-ক ধারায় এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কোনো আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না মিললে এই প্রক্রিয়ায় অব্যাহতি দেওয়ার বিধান রয়েছে।

গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় অনেক নিরপরাধ মানুষকেও আসামি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড এবং ঘটনাস্থলের উপস্থিতির বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা মেলেনি, তাদের নাম মামলা থেকে প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে মামলার হিড়িক পড়লেও পুলিশ এখন সঠিক ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। একইসঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD