রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের ছাদ ও বিভিন্ন কামরা থেকে স্টেশনের প্ল্যাটফর্মে পাথর নিক্ষেপ করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। হঠাৎ এই পাথর নিক্ষেপের ঘটনায় স্টেশনে দাঁড়িয়ে থাকা সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাথরের আঘাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক নারী মারাত্মকভাবে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ট্রেনটি যখন স্টেশন এলাকা অতিক্রম করছিল, তখন হঠাৎ করেই ছাদ এবং খোলা জানালা দিয়ে উপর্যুপরি পাথর ছুড়ে মারা হয়। এই আকস্মিক হামলায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। আহত নারীকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের সহিংস ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রী ও সচেতন নাগরিকরা। চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের মতো ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।
আরববাংলা টিভি/ডেস্ক