কুমিল্লার লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. দেলোয়ার হোসেন মজুমদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষক বদলীর আবেদন বা সংযুক্তিতে উৎকোচ গ্রহণ, পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন নাগরিকরা। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন ধরে এই শিক্ষা কর্মকর্তা অফিসে অনিয়মিত উপস্থিতি এবং ক্ষমতার অপব্যবহার করে আসছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নানা ধরনের সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বড় অংকের অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। বিশেষ করে শিক্ষকদের বদলি এবং এক স্কুল থেকে অন্য স্কুলে সংযুক্ত করার প্রক্রিয়াটি সম্পূর্ণ ঘুষ বাণিজ্যর মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী শিক্ষকরা জানান, প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হয়রানির হুমকি দেওয়া হয়। পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ ও বিতরণের বরাদ্দকৃত সরকারি অর্থ লোপাট করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমতাবস্থায়, অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তার নিরপেক্ষ তদন্ত সা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষক সমাজ ও এলাকাবাসী। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক