চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মুনছুর ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দেশপ্রেমিক রাজনৈতিক মহল ও সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণ। সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মুনছুর বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুতে সীতাকুণ্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি আজীবন দেশ ও জাতির সেবা করে গেছেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান সীতাকুণ্ডবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে উল্লেখ করেন সহকর্মীরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে।
আরববাংলা টিভি/ডেস্ক