রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেললাইন অবরোধ, রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর এবং স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি অবশেষে শান্ত হয়েছে এবং বর্তমানে রাজশাহীতে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপে এই সংকট কাটানো সম্ভব হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত রাতের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিক্ষার্থীদের শান্ত করার পাশাপাশি রেললাইন থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ সকাল থেকে যথারীতি ট্রেন চলাচল শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে নির্ধারিত ট্রেনগুলো। সাধারণ যাত্রীরাও নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন বলে গণমাধ্যমকে জানান রেলওয়ে কর্মকর্তারা।
এদিকে এই ঘটনার নেপথ্যে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। বিশেষ করে দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত থাকা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের চক্রান্তের বিষয়টিও সামনে আসছে। সচেতন মহল মনে করছে, একটি কুচক্রী পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালালেও আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।
বর্তমানে রাজশাহী রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং আহত শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক