কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে রহস্যজনকভাবে অচেতন হয়ে পড়েছেন ১০ জন পুলিশ সদস্য। এই আকস্মিক ঘটনার পর পুরো ক্যাম্পজুড়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো হাসপাতালে আনা নাV হলে বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত রাতে ক্যাম্পের মেসের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সদস্যরা একে একে অসুস্থবোধ করতে শুরু করেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ক্যাম্পের রাঁধুনিকে আটক করেছে। খাবার বিষাক্ত করার কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অচেতন হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান এবং এএসআই শরিফুল ইসলামসহ মোট ১০ জন সদস্য। ঘটনার খবর পেয়ে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ সাংবাদিকদের জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং খুব শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরববাংলা টিভি/ডেস্ক