আসন্ন আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। দেশের ফুটবল অঙ্গনে নতুন উন্মাদনা তৈরি এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে এই জার্সি উন্মোচন করা হয়। দেশের ক্রীড়া প্রেমীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবন অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন জার্সি সবার সামনে নিয়ে আসা হয়।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ক্রীড়া অঙ্গনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা আশা প্রকাশ করেন যে, নতুন এই জার্সি গায়ে জড়িয়ে মাঠের লড়াইয়ে ফুটবলাররা আরও বেশি অনুপ্রাণিত হবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে। সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং ফুটবলকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্রীড়াঙ্গনে চরম দুর্নীতি ও দলীয়করণের শিকার হয়েছিল দেশের ফুটবল। বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে ক্রীড়া ফেডারেশনগুলো পঙ্গু হয়ে পড়েছিল। তবে বর্তমান সময়ে সেই স্থবিরতা কাটিয়ে ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল দল একটি নতুন যুগের সূচনা করবে এবং আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে নিজেদের সেরাটা উপহার দিতে সক্ষম হবে।
আরববাংলা টিভি/ডেস্ক