মাদক কারবারি ও ছিনতাইকারীদের একাধিকবার গ্রেপ্তার করা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. ময়নুল ইসলাম। বর্তমান আইনগত কাঠামোর কিছু দুর্বলতা এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে তিনি জানান।
গণমাধ্যমকে জানান, রাজধানীতে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। তবে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের নানা আইনি জটিলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির কিছু ধারার মারপ্যাচে অপরাধীরা সহজেই জামিন পেয়ে যায়, যা সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মনে করেন।
আইজিপি আরও উল্লেখ করেন যে, অপরাধ নির্মূলে কেবল পুলিশি অভিযানই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সামগ্রিক আইনি ব্যবস্থার সংস্কার এবং সামাজিক সচেতনতা। এই পরিস্থিতিতে কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংশ্লিষ্ট মহলের নীতিগত সহায়তা কামনা করেন তিনি, যাতে পুনরাবৃত্তিমূলক অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দীর্ঘসময় আটকে রাখা নিশ্চিত করা যায়।
আরববাংলা টিভি/ডেস্ক