সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বর নিয়ে ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ৫৯ জনেই স্থির রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২৪০ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬৪ জন ছাড়াও বরিশাল বিভাগে ৫৩, খুলনা বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ২৩, রংপুর বিভাগে ১২ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬ জন মারা গেছেন।
এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১২ জন ছাড়াও বরিশাল বিভাগে ৭, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এর মধ্যে জানুয়ারিতে ২ জন ছাড়াও ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুন মাসে ডেঙ্গুতে ১৩ জন মারা যান।
তবে মার্চ ও এপ্রিল মাসে মশাবাহিত রোগটিতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। অন্যদিকে সদ্য বিদায়ী জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন। অর্থাৎ, ৬ মাসের চেয়ে গত মাসেই ডেঙ্গুতে দ্বিগুণ মৃত্যু হয়েছে।