আমেরিকা ও কানাডায় প্রচলিত একটি জনপ্রিয় সামাজিক প্রথা স্টেডিয়ামে টেইলগেটিং। যেখানে খেলা বা কনসার্টের আগে স্টেডিয়ামের পার্কিং অঞ্চলে ভক্তরা গাড়ির খোলা পেছনের অংশে জড়ো হয়ে পার্টি বা উদযাপন করেন। যা শুরু হয় বল মাঠে গড়ানোর কয়েক ঘণ্টা আগে। আসন্ন বিশ্বকাপেও স্টেডিয়ামের পার্কিং এলাকায় খেলা শুরুর আগে খাবার-দাবার ও আড্ডার এই উত্তর আমেরিকান ঐতিহ্য পালনের অনুমোদন মিলেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশ্বকাপের আয়োজকরা ধারণা করেছিলেন, খেলা শুরুর আগে টেইলগেটিং পদ্ধতি নিষিদ্ধ থাকবে। গতকাল (সোমবার) ফিফা নীতিগত ব্যাখ্যার পর বোস্টন শহরে বিশ্বকাপ ম্যাচগুলোতে টেইলগেটিং করার অনুমতি দেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে আয়োজক কমিটি। এর আগে চলতি মাসের শুরুতে ফিফা স্পষ্ট জানিয়েছিল– তারা আনুষ্ঠানিকভাবে টেইলগেটিং নিষিদ্ধ করেনি। যদিও স্থানীয় আইন এবং ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্তের পর বোস্টন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের স্টেডিয়ামে টেইলগেটিংয়ে কোনো স্থানীয় নিষেধাজ্ঞা না থাকায় বিশ্বকাপেও এটি অনুমোদিত থাকবে। জিলেট স্টেডিয়ামে বিশ্বকাপের মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আয়োজক কমিটি বলছে, ‘আগের তথ্য অনুযায়ী আমাদের এবং ভেন্যু কর্তৃপক্ষের ধারণা ছিল টেইলগেটিং নিষিদ্ধ। এটি ফিফার টুর্নামেন্টব্যাপী নিয়ম। এখন আমরা জানাতে পেরে আনন্দিত যে, বোস্টন স্টেডিয়ামে অন্যান্য ইভেন্টের মতোই টেইলগেটিং করা যাবে।’
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ২৩তম আসর বসবে। ১০৪ ম্যাচের এই মেগা ইভেন্টের ৭টি ম্যাচ হবে বোস্টনের দক্ষিণে ফক্সবরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে। এর মধ্যে ৬টি গ্রুপ ম্যাচ এবং ৯ জুলাই একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত বোস্টনের স্টেডিয়ামে টেইলগেটিং পালিত হবে বলে জানা গেছে। এর আগে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে এই প্রথা বিশ্বকাপ ভেন্যুগুলোতে নিষিদ্ধ হতে পারে বলে খবর প্রকাশিত হলে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
এদিকে, বার্তাসংস্থা এপি’র তথ্যমতে– পার্কিংয়ের জায়গা উল্লেখযোগ্যভাবে কম থাকবে। যেখানে সাধারণত প্রায় ২০,০০০ গাড়ি পার্কিংয়ের সুযোগ থাকে, বিশ্বকাপের সময় সাধারণ দর্শকদের জন্য তা কমে প্রায় ৫০০০–এ নেমে আসবে। এ ছাড়া ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি বোস্টন থেকে ফক্সবরো পর্যন্ত ট্রেন ভাড়ার রিটার্ন টিকিট নির্ধারণ করেছে ৮০ ডলার, যা এনএফএল ও এমএলএস ম্যাচের তুলনায় চার গুণ বেশি। আবার বিভিন্ন স্থান থেকে বিশেষ এক্সপ্রেস বাস সার্ভিস চালু থাকবে, যার ভাড়া হবে ৯৫ ডলার (ফিরতি ভ্রমণসহ)।