শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

স্কুল ক্রিকেটের জার্সি উন্মোচনে স্মৃতিচারণ করলেন শান্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:৩৬ pm

আবারো মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট। এই বছর ৬৪ জেলা থেকে অংশ নিবে ৩৫০ স্কুলের সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার, মোট ম্যাচের সংখ্যা ৬৫১। আগামীকাল ১০ এপ্রিল থেকে শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা।

আজ বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ এর জার্সি উন্মোচন করা হয়। তার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি স্কুল ক্রিকেট নিয়ে বলেন, ‘আমি মনে করি যে স্কুল ক্রিকেটটাকে খুব বড় করে দেখা উচিত এবং যারা দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড এবং প্রাইম ব্যাংককে ধন্যবাদ যে এত সুন্দরভাবে প্রত্যেকটি স্কুলকে সাহায্য করছে।’

‘অনূর্ধ্ব-১৭ এর সময় স্কুল ক্রিকেটের একটা টুর্নামেন্ট বাইরে খেলতে যাওয়ার একটা সুযোগ হয়েছিল। বিসিবিকে ধন্যবাদ যে ওই সময় আমাকে ওই সুযোগটা দিয়েছিল। তো ওই সময় একটা টুরই হয়েছিল কেরালাতে, দেশের বাইরে। ওই টুর্নামেন্টটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ ছিল আমার ক্যারিয়ারের জন্য কারণ ওই টুর্নামেন্টে আমি বেস্ট প্লেয়ার ছিলাম।’

শান্ত আরো বলেন, ‘এই টুর্নামেন্টটাকে যত বড়ভাবে করা যায় এবং যত সুন্দরভাবে করা যায় এবং প্লেয়ারদেরকে পর্যাপ্ত সুবিধাটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরও ভালোভাবে এখানে খেলতে আসবে, আগ্রহের সাথে আসবে।অনেকদিন পর স্কুল ক্রিকেট নিয়ে কথা বললাম এবং আমারও অতীতের কথা মনে পড়ল। যারা স্টুডেন্ট আছে তারা এখানে ভালো পারফর্ম করে ভবিষ্যতে বাংলাদেশ টিমে খেলবে।’

‘দেখেন আমরা যখন বয়স ভিত্তিক ক্রিকেটে খেলছি, আমরা সাকিব ভাইকে দেখেছি, তামিম ভাইকে দেখেছি, মুশফিক ভাইকে দেখেছি। তো এখন যদি ওইভাবে আমি তুলনা করি অবশ্যই ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করছি। কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় যে এই ফাঁকা জায়গা পূরণ হবে।’

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD